নিজস্ব প্রতিবেদক,
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুব সংগঠন ‘ইয়ুথ ফর সুন্দরবন’। পরিবেশ উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর ব্যবস্থাপনায় উপজেলার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নিয়মিত পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আরশাদ আলি মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জি এম সোলাইমান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সভাপতি আশিকুর রহমান।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী গোলাম কিবরিয়া, ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply