শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সরকারি বস্তা না দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে চাল বিতরণের সময় নির্ধারিত বস্তা খুলে গ্রাহকদের নিজস্ব বস্তা বা পাত্রে চাল ঢেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রাহকরা।
স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ কেজি চালের বস্তা গ্রাহকদের দেওয়ার কথা থাকলেও বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডের ডিলার সরোয়ার সরকারি বস্তা খুলে চাল গ্রাহকদের নিজস্ব বস্তায় ঢেলে দিচ্ছেন। এতে সরকারি নিয়ম অনুযায়ী চাল বিতরণ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির গ্রাহক আব্দুল হাকিমসহ একাধিক গ্রাহক বলেন, “সকাল থেকে আমরা চাল নিচ্ছি। কিন্তু সরকারিভাবে যে বস্তায় চাল দেওয়ার কথা, সেই বস্তা আমাদের দেওয়া হচ্ছে না। বস্তা খুলে চাল আমাদের নিজেদের বস্তা বা পাত্রে ঢেলে দেওয়া হচ্ছে।”
তবে অভিযোগের বিষয়ে ডিলার সরোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বস্তা খুলে নিচ্ছি না।”
এদিকে বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে চাল ডিলারদের কাছে সরবরাহ করা হয়েছে, গ্রাহকদেরও সেভাবেই চাল দিতে হবে। কোনোভাবেই বস্তার দড়ি খোলা যাবে না। কোনো ডিলার বস্তা খুলে চাল দিয়ে থাকলে সেটি ভুল হয়েছে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও আশ্বস্ত করেন।
স্থানীয় গ্রাহকদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
Leave a Reply