কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, কয়রা এলাকার হাফিজুর রহমান (৩৭), পিতা কেরামত গাজী এবং আব্দুর রহিম (২৬), পিতা জামাল ফারুক।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে জলদস্যুদের সহযোগিতা করতেন। অপরদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে তথ্য পাওয়া গেছে।
এসআরবি-৬ নিয়মিতভাবে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply