প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে ছিটকা ফাঁদে গুরুতর আহত হওয়া একটি রয়েল বেঙ্গল বাঘিনী। আগামী রবিবার (১২ জুলাই) বন বিভাগের তত্ত্বাবধানে বাঘিনীটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো গুরুতর আহত একটি সুন্দরবনের বাঘকে দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে আবার বনে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা অবৈধ ছিটকা ফাঁদে আটকা পড়ে প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটি গুরুতর আহত হয়। দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকায় বাঘিনীটির সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বাঘিনীটিকে উদ্ধার করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য বাঘিনীটিকে খুলনার বয়রায় অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসা, অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা, নিয়মিত ড্রেসিং, প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ এবং পর্যবেক্ষণের মাধ্যমে বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।
চিকিৎসক ও বন বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে বাঘিনীটি স্বাভাবিকভাবে হাঁটাচলা, দৌড়ানো এবং শিকার ধরার সক্ষমতা ফিরে পেয়েছে। শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় তাকে আবার সুন্দরবনের উপযোগী পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, এটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে একটি ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সময়মতো উদ্ধার, আধুনিক চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে গুরুতর আহত বন্যপ্রাণীকেও সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব।
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, সুন্দরবনের মতো সংবেদনশীল বাস্তুতন্ত্রে রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে এ ধরনের সফল উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা বনে অবৈধ ফাঁদ পাতা ও বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আগামী রবিবার বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাঘিনীটিকে সুন্দরবনের উপযুক্ত একটি নিরাপদ এলাকায় অবমুক্ত করা হবে।
Leave a Reply