আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি: মানবতার সেবা, সামাজিক সম্প্রীতি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা। জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মিলনমেলায় উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ আয়োজনে মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি ভাই ভাই সংঘের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাধন কুমার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সাংগঠনিক সম্পাদক কে এম হাবিবুর রহমান এবং উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালীসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মিলনমেলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা নিজেদের কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মানবিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য বলেন, “স্বেচ্ছাসেবা শুধু একটি কাজ নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হলে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সব স্বেচ্ছাসেবী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে একটি সুন্দর, সহমর্মী ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। জেলেখালি ভাই ভাই সংঘের ২১ বছরের পথচলা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার চেতনাকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ভবিষ্যতেও স্বেচ্ছাসেবীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজকদের এ উদ্যোগকে স্বেচ্ছাসেবীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা। তাঁদের প্রত্যাশা, এ মিলনমেলার মধ্য দিয়ে উপকূলীয় জনপদে মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর সম্মিলিত প্রচেষ্টা নতুন গতি পাবে।
মানবতার সেবায় ঐক্য, সহযোগিতা ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply