নিজস্ব প্রতিনিধি:
তফসিল ঘোষণা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি, শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণাও। নির্বাচন কমিশনের কঠোর আচরণবিধি অনুযায়ী বর্তমানে প্রকাশ্য জনসভা কিংবা প্রথাগত ভোট প্রার্থনায় আইনি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে আইনি এই সীমাবদ্ধতার মাঝেই সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দেখা গেছে এক ব্যতিক্রমী গণতান্ত্রিক আবহ। কোনো দলীয় ব্যানার বা মার্কার প্রচারণা ছাড়াই, কেবল উপকূলীয় জনপদের সংকট ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হতে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়েছিলেন জনতার মুখোমুখি এক উন্মুক্ত নাগরিক সংলাপে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার কলবাড়ি এলাকায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রার্থীরা নির্বাচনী প্রচারণার পথে না হেঁটে বরং স্থানীয় জনগণের দীর্ঘদিনের সমস্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তাদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার রূপরেখা নিয়ে আলোচনা করেন।
সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে এতে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম, বিএনপি প্রার্থীর পক্ষে দলটির নেতা সোলায়মান কবির ও আশিক ইলাহি মুন্না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এস এম মোস্তফা আল-মামুন (হাজী মনির) প্রমুখ।
আলোচনার শুরুতেই প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারের প্রধান দিকগুলো জনগণের সামনে উপস্থাপন করেন। উন্মুক্ত এই নাগরিক সংলাপে সবচেয়ে জোরালোভাবে উঠে আসে সুপেয় পানির তীব্র সংকট এবং অপরিকল্পিতভাবে লোনা পানি উত্তোলনের বিষয়টি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঘের ব্যবসার প্রয়োজনে যত্রতত্র লবণপানি উত্তোলনের ফলে জনপদের মিষ্টি পানির আধারগুলো ধ্বংস হয়ে গেছে। এর ফলে সৃষ্ট তীব্র সংকটে নারীদের প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয়। দীর্ঘ সময় লোনা পানিতে কাজ করা এবং লোনা পানি ব্যবহারের ফলে নারীরা জরায়ুর অসুখসহ বিভিন্ন চর্মরোগ ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।
এই স্বাস্থ্য সংকটের স্থায়ী সমাধানে প্রার্থীদের পরিকল্পনা জানতে চাওয়া হলে প্রার্থীরা একযোগে জানান, উপকূলীয় এলাকায় ডেসালিনেশন প্ল্যান্ট বা লবণমুক্তকরণ প্রকল্প স্থাপনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। তারা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে অপরিকল্পিত লবণপানি উত্তোলন বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয়ভাবে সুপেয় পানির বড় আধার ও বৃষ্টির পানি সংরক্ষণের আধুনিক ব্যবস্থা সরকারি উদ্যোগে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে উপকূলীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার বিষয়টিও তাদের ইশতেহারে অগ্রাধিকার পাবে বলে প্রার্থীরা অঙ্গীকার করেন।
পানির পরেই সাধারণ মানুষের উদ্বেগের বড় কারণ ছিল উপকূল রক্ষা বেড়িবাঁধ। স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক চাষিদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বাঁধ সংস্কারের নামে প্রতি বছর যে বিপুল অর্থ বরাদ্দ হয়, তার সঠিক ব্যবহার হয় না। এর উত্তরে প্রার্থীরা তাদের ইশতেহারের অংশ হিসেবে একমত পোষণ করেন যে, সনাতন পদ্ধতির মাটির বাঁধ দিয়ে এই এলাকা রক্ষা করা সম্ভব নয়। তারা জানান, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে তারা সংসদে আধুনিক প্রকৌশল বিদ্যা ও সিসি ব্লক ব্যবহারের মাধ্যমে দুর্যোগ সহনশীল ‘মেগা বাঁধ’ নির্মাণের প্রস্তাব দেবেন এবং কাজে স্বচ্ছতা নিশ্চিত করবেন।
সংলাপের একটি বড় অংশ জুড়ে ছিল শিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট অভিবাসন সংকট। স্থানীয় তরুণদের প্রশ্নের জবাবে প্রার্থীরা জানান, সুন্দরবন কেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার মাধ্যমে এলাকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও বেশি সাইক্লোন শেল্টার নির্মাণ এবং উপকূলীয় বনায়ন বৃদ্ধির বিষয়টিও তাদের ইশতেহারে গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রার্থীরা উল্লেখ করেন।
Leave a Reply