আব্দুল্লাহ আল মামুনঃ
চার বছরের পথচলার স্মৃতিকে প্রকৃতির মাঝে অম্লান করে রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম’। সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চারটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় স্থানে চারটি বকুল ফুলের গাছ রোপণ করা হয়েছে।
সম্প্রতি চার বছর পূর্ণ করে পঞ্চম বছরে পদার্পণ করেছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ কেবল আনুষ্ঠানিকতা কিংবা ছবির ফ্রেমে সীমাবদ্ধ না রেখে পরিবেশ ও প্রকৃতির মাঝে বাঁচিয়ে রাখতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণের স্থানসমূহ:
১. টাউনশ্রীপুর টু গোপাখালী রোড
২. চরশ্রীপুর টু ঘলঘলিয়া রোড
৩. রত্নেশ্বরপুর মাঠ সংলগ্ন এলাকা
৪. ভাতশালা ব্রিজ সংলগ্ন এলাকা
কর্মসূচি প্রসঙ্গে ‘আমাদের টিম’-এর সদস্যরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর স্মৃতি হিসেবে রোপণ করা এই চারটি বকুল গাছ তাদের চার বছরের পথচলার একেকটি সবুজ অধ্যায় ও স্মারক হয়ে থাকবে। গাছগুলো বড় হয়ে পথচারীদের ছায়া দেবে, ফুলের সুবাস ছড়াবে এবং প্রকৃতিতে প্রাণের সঞ্চার করবে—এমনটাই প্রত্যাশা তাদের। বহু বছর পরও এই গাছগুলোর দিকে তাকালে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর ভালোবাসা ও স্মৃতি নতুন করে মনে পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল তরুণদের এই পরিবেশবান্ধব ও সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply