সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের নিশ্চয়তার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বুড়িগোয়ালিনীস্থ সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন নীলডুমুর বাজারের উপকূলীয় প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করা হয়। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের উদ্বোধনী বক্তব্যর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমন এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গনমিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন। তিনি বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে ও বাওয়ালি প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করেন। বনদস্যুদের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা হুমকির মুখে পড়ছে। সুন্দরবনকে সম্পূর্ণভাবে বনদস্যুমুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারেন না। অনেক সময় অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাঁদের পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
কর্মসূচি থেকে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে শুধু সাময়িক অভিযান নয়, প্রয়োজন ধারাবাহিক নজরদারি ও কার্যকর পদক্ষেপ। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে সুন্দরবননির্ভর অর্থনীতি ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।
এ সময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বি এন পির সদস্য সচিব জি এম রস্তুম আলী গাবুরা ইউনিয়ন বি এন পি সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, যুবনেতা খালিদ হোসেন , বুড়িগোয়ালিনী ইউ পি সদস্য এম এম রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী ইউনিয়ন বি এন পি নেতা হেলাল উদ্দিন, ওহিদুল ইসলাম, আবু হোচেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য আবিয়ার রহমান, সংরক্ষিত মহিলা ইউ পি সদস্যা ফরিদা খাতুন, গাবুরা ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য , মাস্টার আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিক, ইয়াছিন আরাফাত সহ, বনদস্যু নির্মূল কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply