শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত করতে হলে আসন্ন নির্বাচনে জনগণকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াই সময়ের দাবি।
বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর ভূমি অফিস মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাইদি হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরে বলেন, তার সময়ে পদ্মপুকুর অঞ্চলের যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। তিনি পাখিমারা খেয়াঘাটের উন্নয়ন, পাখিমারা ফেরিঘাট স্থাপন এবং খেয়াঘাট থেকে চৌদ্দরশী পর্যন্ত সড়ক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এসব উন্নয়ন পদ্মপুকুরের মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন এনেছে।
তিনি বলেন, যদি জনগণ আবারো তাকে তাদের খেদমতে কাজ করার সুযোগ দেয়, তাহলে পদ্মপুকুর ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অবহেলিত ও শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। তারা শ্যামনগরের উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে গাজী নজরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
Leave a Reply