সুন্দরবনে বাঘের আক্রমণে আহত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করেছে বন বিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের মে মাসে সুন্দরবনের কাচিকাটা ক্যাম্পসংলগ্ন পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন বাবলু গাজী। সুন্দরবনে বনজ সম্পদ আহরণ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন বাবলু গাজী। বাঘের আক্রমণে আহত হওয়ায় সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী তাঁকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে এ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। এ সময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকার বনজীবীরা জীবিকার তাগিদে প্রতিনিয়ত নানা ঝুঁকির মধ্যে কাজ করেন। বাঘসহ বন্যপ্রাণীর আক্রমণে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং তাঁদের পুনর্বাসনে সরকার কাজ করছে।
তাঁরা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বনসংলগ্ন এলাকার মানুষের নিরাপদ জীবন ও জীবিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণ, বাঘের লোকালয়ে প্রবেশ রোধ এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বনজীবীদের জীবন-জীবিকার ঝুঁকি কমাতে ক্ষতিপূরণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply