মোঃ আশিক (শ্যামনগর প্রতিনিধ)
দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, কৃষি সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি (এফজেএস)-এর অর্থায়নে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন মন্ডল এবং বুড়িগোয়ালিনী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রামপ্রসাদ মিস্ত্রী।
সভায় মূল প্রবন্ধে জানানো হয়, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা একটি নারী নেতৃত্বাধীন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। সংস্থাটি ২০১৭ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় নারী, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মর্যাদা, মানবাধিকার ও ক্ষমতায়নে কাজ করে আসছে। নাগরিক উদ্যোগের সহায়তায় ২০২৫ সাল থেকে সংস্থাটি শ্যামনগর পৌরসভা এবং রমজাননগর, বুড়িগোয়ালিনী ও নূরনগর ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় দলিত নারীদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, সরকারি পরিষেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ও লিঙ্গভিত্তিক বৈষম্য এবং নাগরিক অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি দলিত নারীদের ক্ষুদ্র ব্যবসায় উদ্বুদ্ধ করতে আর্থিক সহযোগিতা এবং মেধাবী দলিত ছাত্রীদের মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
মূল প্রবন্ধে শ্যামনগরের দলিত ও প্রতিবন্ধী নারীদের আর্থ-সামাজিক বাস্তবতা তুলে ধরে বলা হয়, অধিকাংশ পরিবার স্বল্প আয়ের এবং নিয়মিত আয়ের নির্ভরযোগ্য উৎস না থাকায় নারীরা গৃহস্থালির কাজ, চিংড়ি ঘেরে শ্রমিক হিসেবে কাজ কিংবা ছোটখাটো উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করেন। স্থায়ী কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও দক্ষতার সীমাবদ্ধতা, সামাজিক বৈষম্য এবং মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ কম থাকায় তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো জলবায়ুজনিত ঝুঁকি তাঁদের জীবন ও জীবিকাকে আরও অনিশ্চিত করে তুলছে।
সভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দলিত নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচি থাকলেও সঠিক তালিকা প্রণয়ন ও সুবিধাভোগী নির্বাচনের সীমাবদ্ধতার কারণে অনেকেই এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে প্রকৃত দরিদ্র, দলিত ও প্রতিবন্ধী পরিবারের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তাব করা হয়।
এ সময় ২০২৬ সালে সরকারের চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দরিদ্র দলিত নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি কৃষি প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ ও উন্নত জাতের বীজ বিতরণে দরিদ্র দলিত পরিবারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে কৃষিবিষয়ক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা, বসতবাড়িতে সবজি চাষ ও পুষ্টিকর ফলজ গাছ রোপণ, লবণসহিষ্ণু ফসল চাষ এবং বিকল্প কৃষিপদ্ধতির সম্প্রসারণের সুপারিশ করা হয়। একই সঙ্গে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নারী ও যুবকদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাঁদের মতে, সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।
সভায় নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজার, পরিবর্তন সহায়ক এবং প্রকল্পের বিভিন্ন কর্মএলাকা থেকে আগত কমিউনিটি ভিত্তিক সংগঠনের (সিবিও) সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সরকারি সুযোগ-সুবিধায় অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি এবং টেকসই জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply