মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ বেসিক ফুটবল একাডেমির বালক ও বালিকা দল। তাদের এ অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত পুরো ইউনিয়নবাসী।
এ উপলক্ষে একাডেমির খেলোয়াড়দের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করা হয় সোমবার (১৬ নভেম্বর) দূপুরে, ইউনিয়ন পরিষদের হল রুমে।
অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমাদের তরুণ উদীয়মান ফুটবলারদের অদম্য উৎসাহ, কঠোর পরিশ্রম ও দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই আজ এ সাফল্য আমাদের ইউনিয়নের ঘরে এসেছে। তাদের এই অসাধারণ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
তিনি আরও বলেন, আমাদের এই কৃতী খেলোয়াড়েরা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা। এ সময় তিনি খেলোয়াড়, কোচ ও এই সাফল্যের সঙ্গে জড়িত সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক আল-হুদা মালি, বেসিক ফুটবল একাডেমীর পরিচালক মাসুম বিল্লাহ এবং বেসিক ফুটবল একাডেমির খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয়দের প্রত্যাশা, এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বুড়িগোয়ালিনীর তরুণ ফুটবলাররা ভবিষ্যতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্রীড়াঙ্গনে এই অর্জন নিঃসন্দেহে এক নতুন অনুপ্রেরণা ও গর্বের অধ্যায় হয়ে থাকবে।
Leave a Reply