নিহত সাগর হোসেন নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সাগর।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে তিন বন্ধুর সঙ্গে খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে সাগর। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নদীতে ডুব দেওয়ার পর আর পানির ওপরে ভেসে ওঠেনি সে। দীর্ঘক্ষণ সাগরকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে নদী থেকে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়।
গাবুরা সমাজকর্মী আবুল বাশার হেলাল জানান, তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল সাগর। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে জালের সাহায্যে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে সাগরের ছোট ভাই সাত্তার জানায়, পানি দেখলে সাগরের আগে থেকেই খিঁচুনির মতো শারীরিক সমস্যা হতো। বিষয়টি দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন, অন্য এক সন্তানের অসুস্থতার কারণে সাগরের বাবা কবিরুল হাওলাদার ও তার মা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। এর মধ্যেই বড় ছেলেকে হারানোর ঘটনায় পরিবারটির ওপর নেমে এসেছে শোকের ভারী ছায়া। একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে নাপিতখালী গ্রামসহ পুরো এলাকায় শোক ও বেদনার আবহ বিরাজ করছে।
Leave a Reply