শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে নায়েব সুবেদার মো. মন্টু লাল এবং নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির দুটি দল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে মো. শহিদুল ইসলাম (৩৮), পিতা মো. আজবাহার কারিকর, গ্রাম শিবপুর, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা এবং ললিতের মোড় থেকে মো. বারি (৪২), গ্রাম সাতহালিয়া, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তারা সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে বিজিবি জানিয়েছে।
আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Leave a Reply