আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামে এক গৃহবধূকে হেনস্তার চেষ্টা, স্কুলগামী শিশুদের হয়রানি ও বাড়ি থেকে মালামাল চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক ব্যক্তি উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে লাবলু (২৭)।থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর নিকটতম প্রতিবেশী। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন বাড়ি থেকে আম, কাঁঠাল, সুপারি, নারিকেল, ধান, মুরগী ইত্যাদি চুরির অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ ব্যাপারে কেউ প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতির হুমকি ও মারপিট করতে উদ্যত হয়। তার অত্যাচারে আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া বিদ্যালয়ে যাতায়াতের সময় ছোট ছোট ছেলেমেয়েদের হাত ধরে টানাটানি করায় শিশুরা বিদ্যালয়ে যেতে ভয় পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্র অনুযায়ী, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে আপত্তিকর কথা বলে ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
Leave a Reply