বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে বনদস্যু নির্মূল কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক, সাতক্ষীরা জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কৃতী সন্তান সালাউদ্দিন লিটন।
স্মারকলিপিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় বনদস্যুদের তৎপরতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, জেলে-বাওয়ালিদের অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানানো হয়।
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে ও বাওয়ালির জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিনিয়ত তাঁদের সুন্দরবনে যেতে হয়। কিন্তু বনদস্যুদের অপতৎপরতার কারণে অনেক সময় তাঁরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটান। বনজীবীদের নিরাপদে বনে যাতায়াত ও জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
এলাকাবাসী ও বনজীবীদের প্রত্যাশা, প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করবে এবং উপকূলের মানুষের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করবে।
Leave a Reply