দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পহেলা মার্চ রবিবার থেকে সুন্দরবনে প্রবেশের জন্য জেলেদের অনুমতি পত্র (পাস) বিতরণ শুরু করেছে বন বিভাগ। প্রথম দিনেই বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছেন জেলেরা।
বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি পরিশোধ সাপেক্ষে জেলেদের এই পাস দেওয়া হচ্ছে। পাস গ্রহণের পর নির্দিষ্ট সময়ের জন্য তারা সুন্দরবন এলাকায়, কাঁকড়া আহরণ করতে পারবেন।
কাঁকড়া জেলে শফিকুল ইসলাম, আব্দুল হামিদসহ কয়েক জন জানান, গত দুই মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকায় তাদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দেয়। পাস বিতরণ শুরু হওয়ায় তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন। অনেকেই ভোর থেকেই স্টেশন প্রাঙ্গণে ভিড় করেন পাস সংগ্রহের জন্য।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, বনজ সম্পদ রক্ষা ও টেকসই আহরণ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে। নির্ধারিত এলাকা ও সময়সীমা মেনে চলতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উপকূলীয় জনপদের হাজারো জেলের জীবিকা নির্ভর করে সুন্দরবনের ওপর। তাই সময়মতো পাস বিতরণ শুরু হওয়ায় শ্যামনগর ও আশপাশের এলাকার জেলে পরিবারগুলোতে স্বস্তির আবহ বিরাজ করছে।
Leave a Reply