নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর (সাতক্ষীরা): ‘Make Unity Vision-2030’ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর সাতক্ষীরা শ্যামনগর’ শীর্ষক বিশেষ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বর্ষা রিসোর্টের অডিটোরিয়াম হলে ইউনিটি গ্রুপের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন খাতে উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন। মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মোহাম্মদ আজিজুল ইসলাম ও মো. আকরামুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির।
সম্মেলনে ইউনিটি গ্রুপের চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক উদ্যোগ এবং বিনিয়োগের নতুন ক্ষেত্রগুলো তুলে ধরা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, প্রপার্টি সলিউশন, পর্যটন ও কৃষিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ সবসময় পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। সাতক্ষীরা অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”
বক্তারা বলেন, সাতক্ষীরার শ্যামনগরে পর্যটন, কৃষি, আবাসন ও অন্যান্য সম্ভাবনাময় খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, উদীয়মান উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়িক সম্ভাবনা, বিনিয়োগের নতুন ক্ষেত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করা হয়।
Leave a Reply