বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ কর্মসূচিতে জেলা ও মহানগর পর্যায়ে তিনি (মানিকগঞ্জ জেলার) দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের তালিকায় রয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের সন্তান শাজাহান রনি। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূল পর্যায়ের সাংগঠনিক তৎপরতা পরিবীক্ষণ করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া। দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্যামনগরের সন্তান শাজাহান রনি কেন্দ্রীয় পর্যায়ে এ দায়িত্ব পাওয়ায় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এ দায়িত্ব পালনের মাধ্যমে শ্যামনগরসহ সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply