সুন্দরবনে জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানা সাতক্ষীরায় আটক হয়েছেন। তাকে শনাক্ত করার পর মিরাজুল নামে এক ব্যক্তি আইনের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকে সুন্দরবনের জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
এরই মধ্যে আজ সাতক্ষীরায় মিরাজুলের সামনে শাহিনুর সানা পড়লে তিনি তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তির পরিচয়:
নাম: শাহিনুর সানা
পিতা: মাওলা বক্স সানা
গ্রাম: দাতিনাখালী
ডাকঘর: বুড়িগোয়ালিনী
থানা: শ্যামনগর
জেলা: সাতক্ষীরা।
শাহিনুর সানার আটকের খবর ছড়িয়ে পড়লে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যুদের ভয়ে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেরা নানা ধরনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন।
উপকূলের জেলেদের প্রত্যাশা, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুন্দরবনে বনদস্যুদের নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। একই সঙ্গে সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য পাওয়া গেলে আরও তথ্য জানা যাবে।
Leave a Reply