নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উদ্ভিদসম্পদ বিষয়ে গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। “মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি পরিবেশ সংরক্ষণ ও গবেষণামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে।
নবগঠিত কমিটিতে শ্যামনগর উপজেলার পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজসেবক ও উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। এছাড়া সহ-সভাপতি পদে ফয়জুর রহমান মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাগর বিশ্বাস রোহান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা মাহফুজ দায়িত্ব পালন করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মোঃ জহিরুল ইসলামের দক্ষতা, আন্তরিকতা এবং স্থানীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা শ্যামনগর উপজেলার জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভিদসম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দায়িত্ব পেয়ে মোঃ জহিরুল ইসলাম বলেন,“সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। শ্যামনগর উপজেলার উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
এদিকে, সোসাইটির পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সমৃদ্ধ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
Leave a Reply