নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে মোঃ লুৎফর খান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত লুৎফর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নুরুল ইসলাম খানের ছেলে।
পুলিশের অপমৃত্যু মামলার প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ২টার মধ্যে যেকোনো সময় এ দুর্ঘটনা ঘটে। বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর অসাবধানতাবশত জাহাজে পড়ে গিয়ে লুৎফর মাথায় গুরুতর আঘাত পান। পরে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোঃ লতিফ খান (৪৫) শ্যামনগর থানায় সংবাদ দেন।
এ ঘটনায় ২৪ আগস্ট শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা নং-৪৩/২৬ দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন বুড়িগোয়ালিনী নৌ থানার উপপরিদর্শক (নিঃ) মোঃ হাফিজুর রহমান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারীর স্বাক্ষরিত প্রতিবেদনে ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।
Leave a Reply