বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ কালভার্ট দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ভ্যানচালক, ব্যবসায়ীসহ প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন।
এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন সাবেক সেনা সদস্য ও চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা জি এম রুস্তম আলী। তার নেতৃত্বে এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে রবিবার (১৭ মে) রাতে ডেবে যাওয়া কালভার্ট মেরামতের কাজ শুরু করা হয়।
স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে চলতে থাকে মেরামত কার্যক্রম। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে স্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হয় কালভার্টগুলো। এ সময় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্বেচ্ছাশ্রমে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে রাতে ও বর্ষাকালে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী বলেন, “মানুষের কষ্ট দেখে আমরা চুপ থাকতে পারিনি। এটি এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক। তাই জনগণের স্বার্থে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজেদের উদ্যোগে কালভার্ট মেরামতের কাজ করছি। জনগণের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সড়ক ও কালভার্টগুলো স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।
এদিকে স্থানীয় জনগণ বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।
Leave a Reply