শ্যামনগর প্রতিনিধি।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” উদযাপিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
আজ ১৫ জুলাই ২০২৬ বুধবার সকাল ১০ টায় বংশীপুর বাসস্ট্যান্ডে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক জি. এম আব্দুল ওহাবের সৌজন্যে স্থানীয় জনগণের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
”বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে স্থানীয় নারী ও পুরুষদের হাতে গাছের চারা তুলে দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জি. এম আব্দুল ওহাব বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের শুধু গাছ লাগালেই চলবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও করতে হবে। দেশের পরিবেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবাইকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান।
চারা বিতরণ শেষে উপস্থিত সাধারণ মানুষ অত্যন্ত উদ্দীপনার সাথে নিজ নিজ চারা সংগ্রহ করেন এবং পরিবেশ রক্ষায় শামিল হওয়ার প্রত্যয় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
Leave a Reply