আল-হুদা মালী নিজস্ব প্রতিবেদক।
সুন্দরবনে মাছ আহরণে নিষেধাজ্ঞা, বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৬২৫ জন মৎস্যজীবী ও বাওয়ালির মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গাবুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ভিজিএফের চাল তুলে দেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। এ সময় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী জেলে-বাওয়ালিরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন ও উপকূলীয় নদ-নদী ঘিরে গড়ে উঠেছে গাবুরা ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকা। মাছ আহরণ, কাঁকড়া শিকার ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল এসব পরিবারের আয়ের প্রধান উৎস সুন্দরবন ও নদী। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীর উত্তাল পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে বছরের বিভিন্ন সময়ে তাদের কর্মহীন থাকতে হয়।
বিশেষ করে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ আহরণ বন্ধ থাকায় আয়-রোজগার হারিয়ে অনেক পরিবারকে খাদ্যসংকটে পড়তে হয়। এমন পরিস্থিতিতে ভিজিএফের চাল তাদের জন্য সাময়িক খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ সহায়তা বলে মনে করছেন জেলেরা।
চাল নিতে আসা জেলে ও বাওয়ালিরা বলেন, সুন্দরবন ও নদীতে মাছ ধরে কোনো রকমে সংসার চালাতে হয়। নিষেধাজ্ঞার সময় কাজ বন্ধ থাকায় পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়। এ সময়ে সরকারি খাদ্যসহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে আসে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন, “সুন্দরবননির্ভর জেলে ও বাওয়ালি পরিবারগুলোর খাদ্যনিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি সহায়তা যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সহায়তা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
জেলে ও বাওয়ালিদের মতে, ভিজিএফের খাদ্যসহায়তা জেলে-বাওয়ালি পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট কিছুটা কমালেও এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। সুন্দরবনের ওপর অতিরিক্ত চাপ কমানোর পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলে ও বনজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা গেলে তাদের জীবন-জীবিকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
Leave a Reply