গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা খালে দীর্ঘদিন ধরে মরা কাঁকড়া ফেলে রাখায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এতে খালপাড়ের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
চকবারা গ্রামের অভিযোগ, কাঁকড়া হ্যাচারির বর্জ্য হিসেবে মরা কাঁকড়া সরকারি খালে ফেলা হচ্ছে। দ্রুত এসব বর্জ্য অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, গাবুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যমখলিশাবুনিয়া গ্রামের সরকারি খালের পাড়ে মরা কাঁকড়া ফেলে স্তূপ করে রাখা হয়েছে।
স্থানীয়দেরঅভিযোগ, গফুর শেখের ছেলে বিল্লাহ হোসেনের কাঁকড়া হ্যাচারি থেকে এসব মরা কাঁকড়া এনে খালের পাড়ে ফেলা হচ্ছে। এতে পচে যাওয়া কাঁকড়া থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খালপাড়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
চকবারা খালের দুই পাড়ের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালে ও খালের পাড়ে মরা কাঁকড়া ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে মরা কাঁকড়ায় পোকা ধরেছে। দুর্গন্ধ এতটাই তীব্র যে, খালের পাশের বেড়িবাঁধ দিয়ে চলাচলের সময় অনেককে নাকে কাপড় দিতে হচ্ছে। বাতাসের সঙ্গে দুর্গন্ধ আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়ছে।
চকবারা গ্রামের রুহুল আমিন গাজী অভিযোগ করে বলেন, হ্যাচারি মালিক বিল্লাহ হোসেনকে খালে মরা কাঁকড়া ফেলতে নিষেধ করা হলেও তিনি তা মানছেন না। বরং নিষেধ করতে গেলে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। সরকারি খালে ময়লা-আবর্জনা ফেলা নিষেধ থাকলেও বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নজরে পড়ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এলাকাবাসীর দাবি, হ্যাচারির মরা কাঁকড়া যথাযথ নিয়মে মাটিচাপা দিয়ে অপসারণ করার কথা। কিন্তু তা না করে সরকারি খালের পাড়ে ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে খালের পানি ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কাঁকড়া হ্যাচারি মালিক বিল্লাহ হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত মরা কাঁকড়ার স্তূপ অপসারণ, খাল পরিষ্কার এবং ভবিষ্যতে সরকারি জলাশয়ে হ্যাচারির বর্জ্য ফেলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply