কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় অসুস্থ রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি ও প্রাণী সম্পদ অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। এলাকার সচেতন মহলে এনিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জড়িত কসাইসহ সহযোগীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী উঠেছে। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর গ্রামে ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রহমতপুর গ্রামের মৃত শাহদুগাজীর ছেলে শাহ আলী (৪২) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা একটি গরু গত রোববার (১৬ আগস্ট) ভোররাতে নিজ গোয়ালে জবাই করে মাংস বিক্রি করেন। পরে ওই মাংস একই গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে রবিউল ইসলামের কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রবিউল ইসলামের কাছে গরুটি কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে তিনি গরুটি শাহ আলীর গোয়াল থেকে নিয়ে আসার কথা জানিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।স্থানীয় রেজাউল করিম, মফিজুল ইসলাম, আমজাদ মোল্লাসহ কয়েকজন সাংবাদিকদের জানান, গরুটি প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিল এবং এর শরীরে পক্সের মতো উপসর্গ দেখা দিয়েছিল। এরপরও গরুটিকে জবাই করে মাংস বিভিন্ন স্থানে বিক্রি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা বাড়ি থেকে সরে যান বলে স্থানীয়রা জানান।ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রোগাক্রান্ত পশুর মাংস পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বাজারজাত করা হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে শাহ আলীর বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply