কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ সানা জমি দখল, চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুর ১টায় কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী জহুরুল শিকারী, কোহিনুর সানা, বাপ্পি ওরফে শুভ, আশিক, রবিউল সানাসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে থাকা জমিজমা ও মৎস্যঘের জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মৎস্যঘেরে ক্ষয়ক্ষতি এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বাগালী মৌজায় তাদের ৯ একর আয়তনের মৎস্যঘেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাধা দিতে গেলে তার ছোট ভাই মিনারুল সানা ও তার স্ত্রী রেহেনা খাতুনকে মারধর করে তাড়িয়ে দিয়ে মৎস্যঘেরটি জোরপূর্বক দখলে নেয় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুর রশিদ সানা আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমার বড় ভাই খলিলুর রহমান সানা বাদী হয়ে কয়রা থানা পুলিশ ও খুলনার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি দাবি করেন। বরং অভিযুক্তরা দখল করা মৎস্যঘের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ সানা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জবরদখলকৃত মৎস্যঘের ফেরত প্রদান এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে।
Leave a Reply