এম এ হালিম।
সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রভাবে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে বৃষ্টি হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।
বৃষ্টির কারণে অনেক এলাকায় রাস্তাঘাট কাদামাটিতে একাকার হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। নদী তীরবর্তী এলাকার মানুষকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে প্রয়োজনীয় কাজে বের হতে দেখা গেছে। পাশাপাশি নৌযান চলাচল, মাছ ধরা এবং দৈনন্দিন কাজকর্মেও বিঘ্ন ঘটছে।
উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল। বৃষ্টির কারণে কাজে বের হতে না পারায় তাদের আয়-রোজগার ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
এদিকে টানা বৃষ্টি হলে নিচু এলাকা ও জলাবদ্ধতাপ্রবণ অঞ্চলে পানি জমে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা এমনিতেই নানা প্রাকৃতিক প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়। এর মধ্যে বৃষ্টির কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
Leave a Reply