এস এম মিজানুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা):
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। কয়েক দিনের জলাবদ্ধতায় গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি, সড়ক ও বাড়ির উঠান হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। পানির নিচে রয়েছে এলাকার অধিকাংশ কবরস্থানও। কোথাও সড়কের ওপর হাঁটুসমান পানি, আবার কোথাও পানির কারণে রাস্তার অস্তিত্বই বোঝা যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭ নম্বর উত্তর আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে সাংবাদিক মিজানের বাড়ি হয়ে মির্জাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় আক্রান্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বর্তমানে সড়কটি পানিতে ডুবে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। কয়েকজন শিক্ষার্থী জানায়, বাড়ির উঠান ও বিদ্যালয়ে যাওয়ার পথ পানিতে ডুবে থাকায় প্রতিদিন ভোগান্তি নিয়ে স্কুলে যেতে হয়। পানির মধ্যে চলাচল করতে গিয়ে অনেক সময় জামাকাপড় ও বই-খাতা ভিজে যায়। পানি বেশি থাকলে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও অনিচ্ছুক হয়ে পড়েন।
জলাবদ্ধতায় শুধু যোগাযোগব্যবস্থাই নয়, ব্যাহত হচ্ছে গ্রামবাসীর দৈনন্দিন জীবনও। বাড়ির উঠানে পানি জমে থাকায় রান্নাবান্না, খাবার পানি সংগ্রহ, কাপড় ধোয়া এবং অন্যান্য গৃহস্থালি কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা।
আবাদচন্ডিপুর গ্রামের গৃহবধূ নাছিমা বেগম বলেন, ‘ঘরের চারপাশে পানি জমে থাকায় রান্না করার মতো পরিস্থিতি নেই। চুলার জায়গাটিও পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে দূরে অন্যের বাড়িতে গিয়ে রান্না করে সেই খাবার বাড়িতে এনে পরিবারের সদস্যদের খাওয়াতে হচ্ছে।
জলাবদ্ধতায় কবরস্থান ডুবে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার প্রায় সব কবর পানিতে তলিয়ে গেছে। অনেক কবরের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে স্বজনদের কবর জিয়ারত করাও কঠিন হয়ে পড়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাড়ির উঠানে পানি, রাস্তায় পানি, কবরস্থানেও পানি। এভাবে আর কত দিন চলতে হবে? এলাকায় কেউ মারা গেলে তাঁকে দাফনের জন্য কবর খুঁড়ব কোথায়, সেটাও চিন্তার বিষয়।’
স্থানীয় বাসিন্দা মুজিবর সরদার, নজরুল ইসলাম বাবু, আজিবর রহমান, সাইফুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করেন, এলাকায় অপরিকল্পিতভাবে মৎস্যঘের গড়ে তোলা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাঁদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কিছু মৎস্যঘেরের কারণে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না।
তাঁদের আরও দাবি, আগের বছরগুলোতে এ ধরনের জলাবদ্ধতা তুলনামূলক কম থাকলেও চলতি বছরে পরিস্থিতির অবনতি হয়েছে। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।
অভিযোগের বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমি একটি মামলায় কয়েক দিন সাতক্ষীরা কারাগারে ছিলাম। ওই সময় ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা এখনো প্রত্যাহার হয়নি। এরপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেনে আমাকে ফোন করেছিলেন। পরে পরিষদের সচিব ও চৌকিদারকে সেখানে পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেখানে আমার একটি মৎস্য প্রকল্প রয়েছে। ওই প্রকল্পের কারণে যদি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি তা সমাধান করে দেওয়ার কথা জানিয়েছি। পানি নিষ্কাশনের জন্য আমার জায়গা দিয়ে প্রায় ২০০ ফুট পাইপ বসাতে হবে। পাইপ কেনা হয়েছে। আগামীকালই তা স্থাপন করা হবে।’
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, আবুল হোসেন তরফদার ও হাসান সরদারসহ অন্যরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আবাদচন্ডিপুর থেকে সাংবাদিক মিজানের বাড়ি হয়ে মির্জাপাড়া সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ পুনরুদ্ধার ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
তাঁদের প্রশ্ন—মানুষের চলাচলের সড়ক, বসতভিটা, বিদ্যালয় ও কবরস্থান পর্যন্ত যদি দীর্ঘদিন পানির নিচে থাকে, তাহলে এ এলাকার মানুষের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে কবে?
Leave a Reply