আশিকুর রহমান শ্যামনগর থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়া জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজবকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন পেট্রোল পাম্পে বুধবার থেকে মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক ও অন্যান্য যানবাহনের চালকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ভবিষ্যতে তেলের সংকট হতে পারে—এমন আশঙ্কায় আগাম ট্যাংক ভর্তি করতে পাম্পে ছুটে আসছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন পাম্পে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেশি। এতে কোথাও কোথাও দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অনেক বাইকার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর শুনেই তারা আগাম জ্বালানি সংগ্রহ করতে এসেছেন।
এ বিষয়ে শ্যামনগর আশা পেট্রোল পাম্পের মালিক জানান, “পাম্পে নতুন জ্বালানি তেলের চালান আসার পথে রয়েছে। কিছু সময়ের জন্য সরবরাহে সামান্য চাপ তৈরি হয়েছিল। তবে জ্বালানি তেলের কোনো বড় ধরনের সংকট নেই। গুজব শুনে মানুষ একসঙ্গে তেল নিতে আসায় অতিরিক্ত ভিড় হচ্ছে।”
তিনি আরও বলেন, “তেল সংকট হবে—এমন কোনো সরকারি তথ্য বা নির্দেশনা নেই। তাই অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।”
এদিকে, জ্বালানি বিভাগও জানিয়েছে দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং জ্বালানি সংকটের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
সচেতন মহল বলছে, গুজবের কারণে একসঙ্গে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা তৈরি হলে সাময়িকভাবে পাম্পে চাপ সৃষ্টি হতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন তারা।
Leave a Reply