আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফুটবল জার্সি বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী ও সমাজসেবক শাহজাহান সিরাজ।
বৃহস্পতিবার (২ জুলাই) ওয়ার্ডের মোটর শ্রমিক কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমী খেলোয়াড়দের হাতে বিনামূল্যে জার্সি তুলে দেওয়া হয়।
এ সময় শাহজাহান সিরাজ বলেন, “যুব সমাজকে সঠিক পথে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা যেন মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে মাঠমুখী হতে পারে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনেও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ও তরুণদের কল্যাণে সবসময় পাশে থাকার চেষ্টা করব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ামোদী যুবক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। জার্সি পেয়ে তরুণ খেলোয়াড়রা শাহজাহান সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খেলাধুলার প্রসারে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply