শ্যামনগর প্রতিনিধি।:
যেখানে স্বপ্ন সেখানেই আমরা – ইয়ুথ প্লান বাংলাদেশ মানেই তোমরা” এই শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে জীব-বৈচিত্র ও পরিবেশ রক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ-এর কার্যনির্বাহী কমিটির “দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ-কমিটি” আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। উক্ত উপ-কমিটিতে এস এম শাহীন সিরাজ-কে সভাপতি এবং মোঃ ইমাম হোসাইন-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত এই উপ-কমিটি দেশের উপকূলীয় ও দুর্যোগপ্রবণ অঞ্চলে দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি সহায়তা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, তরুণদের সম্পৃক্তকরণ এবং টেকসই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি এস এম শাহীন সিরাজ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনায় দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন সততা, দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে ইতোমধ্যে তরুণ সমাজের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম।
তাই দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগকালীন সহায়তা, পুনর্বাসন কার্যক্রম এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে দক্ষ ও মানবিক তরুণ নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি নবগঠিত এই উপ-কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কার্যনির্বাহী কমিটির সভাপতি এম এ হালিম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবেলায় যুব সমাজকে সম্পৃক্ত করে একটি কার্যকর স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলতে আমরা কাজ করে যাব। কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। নবনির্বাচিত সভাপতি এস এম শাহীন সিরাজ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্যোগ প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম, ত্রাণ সহায়তা, পুনর্বাসন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করবো। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কার্যকর স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান লক্ষ্য। ইয়ুথ প্লান বাংলাদেশ মানবতার কল্যাণে সবসময় কাজ করে যাবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই উপ-কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
Leave a Reply