সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সার্চলাইট, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলে, প্রেস ব্রিফিং করেছে শনিবার(১৪ নভেম্বর ২০২৬) তারিখ বেলা ১১ টায়, নীল ডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন আর বিজি কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ। প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান।
রাতের বেলায় সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় কোনো নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply