এম এ হালিম ঃ
সুন্দরবন ও এর আশপাশের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার প্রতিরোধে স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সহব্যবস্থাপনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, হাফেজ মোঃ রেজাউল করিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,
মুন্সিগঞ্জ বন টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এবং সহব্যবস্থাপনা কমিটির সদস্য আবু ফরিদ, সুন্দরবন ইয়ুথ টিমের আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ভিসিএফ সদস্য মোঃ আব্দুর রশিদ।
সভায় বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খাল ও জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার একটি মারাত্মক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু মাছের প্রজনন ধ্বংস করে না, বরং পুরো জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই কীটনাশক বিক্রেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান বলেন, “সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এ বন রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিষ ব্যবহার করে মাছ শিকার করতে না পারে, সেদিকে কীটনাশক বিক্রেতাদেরও নজর রাখতে হবে। সন্দেহজনক ক্রেতাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।”
বিশেষ অতিথি মোঃ এরফান উদ্দিন বলেন, “বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতার মাধ্যমেই এ সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব।”
হাফেজ মোঃ রেজাউল করিম বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সবাইকে সচেতন হতে হবে। বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিক্রেতাদেরও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাহমুদা খানম বলেন, “সুন্দরবন রক্ষায় স্থানীয় জনগণ, বন বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কীটনাশক বিক্রেতারা সচেতন থাকলে অনেকাংশে অবৈধভাবে বিষ ব্যবহার প্রতিরোধ করা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় উপকূলীয় এলাকার বিভিন্ন বাজারের কীটনাশক বিক্রেতারা অংশগ্রহণ করেন। তারা পরিবেশবিধ্বংসী কাজে কীটনাশক ব্যবহার রোধে সহযোগিতার আশ্বাস দেন এবং সুন্দরবন সংরক্ষণে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.