সুন্দরবন সংলগ্ন দুবলার চরে আজ (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাস পূজা। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তীর্থযাত্রী, সন্ন্যাসী ও ভক্তরা ভিড় জমিয়েছেন সুন্দরবনের বুকে অবস্থিত এই নির্জন চরে।
তীর্থযাত্রীরা নৌপথে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে পৌঁছেছেন দুবলার চরে। বনবিভাগের অনুমোদিত ইঞ্জিনচালিত নৌযানে সোমবার সকাল থেকে চলাচল শুরু হয়। ভক্তরা জানান, রাস উৎসব উপলক্ষে তারা প্রতিবছরই এ স্থানটিতে আসেন পুণ্যস্নান ও পূজা-অর্চনার উদ্দেশ্যে।
রাস পূজা উপলক্ষে বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশুদ্ধ পানি ও অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে।
দুবলার চরের রাস উৎসব তিন দিনব্যাপী চলবে। প্রথম দিন পূজার প্রস্তুতি ও পুণ্যস্নান, দ্বিতীয় দিন মূল রাস পূজা ও আরাধনা, আর শেষ দিন ভক্তদের বিদায় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় শতাব্দী ধরে চলে আসা এই রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সুন্দরবনাঞ্চলের একটি ঐতিহ্যবাহী সামাজিক মিলনমেলা হিসেবেও পরিচিত।
উৎসবের অন্যতম আকর্ষণ হলো সকালের পুণ্যস্নান, যেখানে হাজারো ভক্ত একসঙ্গে সাগরের জলে পা ডুবিয়ে প্রার্থনা করেন শান্তি ও কল্যাণের জন্য।
বনবিভাগ সূত্রে জানা গেছে, এবছর নিরাপত্তারমধ্যো দিয়ে নৌযান ও তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় কড়া নজরদারি চলছে।
দুবলার চরের রাস পূজা—এ যেন ধর্মীয় ভক্তি, প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনক্ষেত্র।