নিজস্ব প্রতিবেদক।
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান।
শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ জুন ২০২৬ খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী'র সদস্যদের সঙ্গে রাতব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
বোটে অবস্থানরত ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালানো শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। চলমান এ অভিযানে এখন পর্যন্ত তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বাহিনীর পলাতক ডাকাতদের আটকের লক্ষ্যে কোস্ট গার্ড কর্তৃক অভিযান চলমান রয়েছে। অভিযান সমাপ্ত হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে অবহিত করা হবে।
বর্তমানে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আতঙ্কিত না হওয়ার এবং স্বাভাবিকভাবে চলাচল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, ডাকাতদলের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে এবং নিকটবর্তী লোকালয়ে আশ্রয় নেবার চেষ্টা করতে পারে বিধায় সকলকে সতর্ক থাকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো। কোস্ট গার্ডের নিকট তথ্য প্রদানকারীর বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে এবং পুরষ্কৃত করা হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.