আবুজার গাজী, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট) মুন্সিগঞ্জ বাজারের একটি সুতার দোকানে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। দোকানটি জামায়াত নেতা ওয়াব আলীর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দোকানটির মালিকানা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দোকান মালিককে কোনো জরিমানা করা হয়নি। তবে ভবিষ্যতে নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ, বিক্রি কিংবা ব্যবহারের সঙ্গে জড়িত না থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং নিষিদ্ধ জাল বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, কারেন্ট জালের অবাধ ব্যবহার বন্ধ করা গেলে মাছের প্রজনন, পোনা মাছের সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার ও নিয়মিত করার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.