জহিরুল ইসলাম।
শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর B4RL প্রকল্পের আওতায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক মানববন্ধন, র্যালি ও অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে সোনার বাংলা শপিং সেন্টারের মিটিং রুমে বাঘ সংরক্ষণ বিষয়ে একটি অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডিও ইয়ুথ টিম, উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা (সিরিও), ইয়ুথ ফর সুন্দরবন, ডিসেবিলিটি ইনকুইজিশন একটিভিটিস (দিয়া) ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের একজন ‘বাঘ বিধবা’ অংশগ্রহণ করে বাঘ সংরক্ষণ ও সুন্দরবন রক্ষার বিষয়ে নিজের অভিজ্ঞতা ও অভিব্যক্তি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর খুলনা ডিভিশনাল কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান মুকুল, ক্যাম্পেইন অফিসার মো. মুজাফফর ফয়সাল, উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা (সিরিও)-এর প্রতিনিধি মো. আব্দুল গাফফার ও কে এম আনিছুর রহমান, সিডিও ইয়ুথ টিমের প্রতিনিধি হাফিজ, ইয়ুথ ফর সুন্দরবনের রাফিজা পারভীন, ডিসেবিলিটি ইনকুইজিশন একটিভিটিস (দিয়া)-এর প্রতিনিধি মো. নাজমুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবনের বাস্তুতন্ত্র ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঘের আবাসস্থল সংরক্ষণের পাশাপাশি বাঘসহ উপকূলীয় অঞ্চলের অন্যান্য প্রাণী ও জীববৈচিত্র্যের সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।
সভায় জলবায়ু পরিবর্তন, বন উজাড়, চোরা শিকার এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যকার দ্বন্দ্বকে বাঘ সংরক্ষণের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের বাঘ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীববৈচিত্র্য রক্ষায় নিজেদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা ও ভূমিকা রাখার আশ্বাস দেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.