নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগরে "গরিবের ডাক্তার" হিসেবে পরিচিতি পেয়েছেন জাবেদ আলী ডা. শাকির। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক আচরণ ও আন্তরিক চিকিৎসাসেবার কারণে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন এই চিকিৎসক।
স্থানীয়রা জানান, হাসপাতালের নির্ধারিত সময়ের বাইরেও জরুরি প্রয়োজনে রোগীদের পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকেন ডা. শাকির।
অনেক ক্ষেত্রে অসচ্ছল রোগীদের প্রতি বিশেষ সহানুভূতি দেখিয়ে প্রয়োজনীয় সহযোগিতাও করেন। চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
ডা. শাকিরের চিকিৎসাসেবায় সন্তুষ্ট রোগীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

চিকিৎসা নিতে আসা রোগী জাবেদ আলী বলেন, "ডা. শাকির খুবই ভালো মানুষ। তিনি রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সুন্দরভাবে চিকিৎসা দেন। তার ব্যবহার আমাকে খুব মুগ্ধ করেছে।"
আরেক রোগী সুমাইয়া আক্তার বলেন, "আমি দীর্ঘদিন ধরে তার কাছে চিকিৎসা নিচ্ছি। তিনি কখনো বিরক্ত হন না। গরিব রোগীদের প্রতিও তার আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।"
রোগী ফয়সাল আহমেদ বলেন, "ডা. শাকির শুধু একজন ডাক্তার নন, তিনি একজন মানবিক মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সেবার মনোভাবের কারণে তিনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন।"
স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ে যখন মানবিক চিকিৎসাসেবা নিয়ে নানা অভিযোগ শোনা যায়, তখন ডা. শাকিরের মতো চিকিৎসকরা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন। তার নিষ্ঠা, সততা ও মানবিক সেবার মনোভাব রোগীদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করেছে।
এ বিষয়ে ডা. শাকির বলেন, "চিকিৎসা একটি মহান পেশা। রোগীদের সেবা করাই আমার দায়িত্ব। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি কাজ করে যেতে চাই।"
মানবিকতা, আন্তরিকতা ও সেবার মানসিকতার কারণে শ্যামনগরের সাধারণ মানুষের কাছে ডা. শাকির আজ একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। কিছু কিছু সময়ে দেখা যায় স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন আবর্জনা পরিষ্কার করছেন এবং হাসপাতালে ড্রেনসহ যাতায়াতের পথ পরিষ্কার করে থাকেন তিনি। স্থানীয়রা বলেন শ্যামনগরবাসী আজ ধন্য এমন মানবিক ডাক্তারকে পেয়ে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.