শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “প্রাণবৈচিত্র্য মেলা”।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে উপজেলার হরিনগর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
“Acting locally for global impact” প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে উপকূলীয় এলাকার সংগঠিত জনসংগঠন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রীণ কোয়ালিশন।
কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য প্রাণবৈচিত্র্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সুন্দরবনের প্রাণ, প্রকৃতি ও জীবনের সুরক্ষায় চুনঁকুড়ি নদীর পাড়ে প্রতীকী প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রতীকী প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে স্থানীয় জীববৈচিত্র্য, দেশীয় বীজ, কৃষিপ্রতিবেশবিদ্যা, ঔষধি গাছ, পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ এবং উপকূলীয় জীবনের নানা উপাদান নিয়ে প্রাণ, প্রকৃতি ও জীবনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক নবতারণ মন্ডল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় জেলে সম্প্রদায় ও মুন্ডা সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক আয়োজন। তাদের লোকজ গান, নৃত্য ও ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উপকূলীয় জীবন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের সম্পর্ককে কেন্দ্র করে এসব পরিবেশনা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা জেলা গ্রীণ কোয়ালিশন এর উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, শ্যামনগর পৌরসভা গ্রীণ কোয়ালিশন এর সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর উপদেষ্টা গাজী আব্দুর রউফ, হাবিবুল্লাহ আল মামুন, সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, মুন্সিগঞ্জ গ্রীণ কোয়ালিশন এর সভাপতি ডাঃ যোগেশ মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন এর সভাপতি জিল্লুর রহমান, পদ্মপুকুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন এর সভাপতি মো. আশরাফ হোসেন, কৃষাণী অনিতা মন্ডল, সরমা রানী, সন্ন্যাসী দাস সহ পরিবেশকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, জেলে, মৌয়াল ও তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন সংরক্ষণ, স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়া স্থানীয় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবৈচিত্র্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা প্রাণ-প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সুন্দরবন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
অনুষ্ঠানে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য ৩ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবুজ যোদ্ধা হিসেবে আটুলিয়ার রবীন্দ্রনাথ মন্ডল, বটবৃক্ষ প্রেমিক হিসেবে পদ্মপুকুরের তেজেন্দ্রনাথ মৃধা ও রমজাননগরের টাইগার গণি এই সম্মাননা অর্জন করেন। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় কাজ করা মানুষদের উৎসাহিত করতেই এ সম্মাননা দেওয়া হয়েছে।
আয়োজকরা আরও জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগকে শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম ও এস.এম ওসমান গনী সোহাগ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.