শ্যামনগর প্রতিনিধি: মানুষের জীবন কখনও কখনও মুহূর্তের ওপর নির্ভর করে। হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা না পাওয়া মানে সময়ের সঙ্গে সঙ্গে জীবন হুমকির মুখে পড়া। কিন্তু এখন থেকে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানুষদের জন্য এই আশঙ্কা কমে যাবে, কারণ সমাজসেবক হাবিবুর রহমান লিটন চালু করেছেন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, যা জরুরি মুহূর্তে মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সচল থাকবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নূরনগর নবীণ সংঘ ক্লাব চত্বরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তাঁতি দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউসুফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ এই ফ্রি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণা, সমাজসেবক মাস্টার এস.এম শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডি এম মইনুদ্দীন লাভলু, সমাজসেবক নজরুল ইসলাম, মহাদেব চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, 'জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু অনেক মানুষই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারে না। এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সেই বাধা দূর করবে এবং দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।
উদ্যোক্তা হাবিবুর রহমান লিটন জানান, 'আমার লক্ষ্য নূরনগরসহ আশপাশের এলাকায় যে কোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালের পথে পৌঁছে দেওয়া। অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টা সচল থাকবে, এবং সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে। প্রয়োজন হলে রোগীকে নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে নিরাপদে পৌঁছে দেওয়া হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.