কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায় মোটরসাইকেল বিক্রির টাকা ছিনতাই ও মারধরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক কৃষক। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল কালামের ছেলে মিজানুর রহমান গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১টার দিকে কালিগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।
অভিযুক্তরা হলেন-কৃষকলীগের নেতা ফজের গাজীর ছেলে যুবলীগের সভাপতি ফজলু গাজী, ছাত্তার গাজীর ছেলে মতিউর গাজী, ফজর গাজীর ছেলে জুলহাস গাজী ও শহিদুল গাজী, বারী গাজীর ছেলে সাগর গাজী, মৃত আলী গাজীর ছেলে রুহুল আমিন গাজী ও আল আমিন গাজী মৃত দবির উদ্দীন গাজীর ছেলে ফজর আলী, সাত্তার গাজী ও আজিজ গাজী, রুহুল আমিন গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন সকলেই কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
এজাহারে বলা হয়, গত ১৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে মিজানুর রহমান ১ লাখ ৫০ হাজার টাকায় মোটরসাইকেল বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণনগর বাজারে একটি চায়ের দোকানের সামনে ফজলু গাজীর কাছে পূর্বের ৩ লাখ টাকা পাওনা চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময়ে অন্যান্য অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। তার ডাকচিৎকারে এগিয়ে আসা দুলাভাই, ভাই, ভাগ্নে ও বোনকেও লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত যখম করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কয়েকজনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত ফজলু গাজীর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭২৭-০১৩৭২২-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.